'মেসি নিজেকে কী মনে করে', সাবেক বার্সা প্রধানের সমালোচনা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম
বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোয়ান গ্যাসপার্ট লিওনেল মেসিকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ক্যাম্প ন্যু-তে আর্জেন্টাইন এই সুপারস্টারকে বিদায় জানানোর অনুষ্ঠানটি বর্তমান প্রেসিডেন্টজোয়ান লাপোর্তার উপস্থিতির ওপর শর্তযুক্ত করার বিষয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

'সোলো পারা কোলিস' পডকাস্টে কথা বলার সময় গ্যাসপার্ট স্পষ্ট জানিয়ে দেন যে, ক্লাবের চেয়ে কোনো খেলোয়াড়ই বড় হতে পারে না।
 
মেসির সঙ্গে গ্যাসপার্টের সম্পর্ক অত্যন্ত দীর্ঘ ও বিশেষ। কারণ, ২০০১ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসি যখন বার্সেলোনা ক্লাবে পা রাখেন, তখন ক্লাবটির সভাপতি ছিলেন এই জোয়ান গ্যাসপার্টই। সেই ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, "যিনি ১৩ বছর বয়সে তাকে সই করিয়েছিলেন, বার্সার সেই সাবেক সভাপতি হিসেবে এবং তাঁর প্রতি আমার ঐতিহাসিক ভালোবাসার জায়গা থেকেই আমি বলছি—তাকে সতর্ক থাকতে হবে। বার্সেলোনা তার চেয়েও বড়।"

গ্যাসপার্ট আরও বলেন, মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং বার্সেলোনার হয়ে তাঁর অবদান অনস্বীকার্য, কিন্তু বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার পদত্যাগের শর্তে ক্লাবে ফেরা বা সম্মাননা অনুষ্ঠান বয়কট করার মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
বার্সেলোনা ক্লাব দীর্ঘদিন ধরে মেসির জন্য একটি আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে চাইলেও, মেসি ও লাপোর্তার মধ্যকার শীতল সম্পর্কের কারণে তা আটকে আছে। গ্যাসপার্ট সাফ জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট কে আছেন তা দেখার বিষয় নয়; ক্লাবে এসে ভক্তদের বিদায় জানানো উচিত।

এ বিষয়ে কঠোর অবস্থান নিয়ে গ্যাসপার্ট বলেন, "সে প্রেসিডেন্ট কে আছেন তা না দেখে এসে বার্সার ভক্তদের বিদায় জানাক। কিন্তু যদি এমন হয় যে লাপোর্তা সভাপতি আছেন বলেই সে আসছে না, এবং লাপোর্তা চলে যাওয়ার পর সে আসবে—তাহলে আমি সেই সংবর্ধনা অনুষ্ঠানে যাব না। সে নিজেকে কী মনে করে?"
 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত