ক্যাব সভাপতি

মধ্যরাতে মূল্যবৃদ্ধির সংস্কৃতি বন্ধ করতে হবে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ এএম

মধ্যরাতে মূল্যবৃদ্ধির সংস্কৃতি বন্ধ করার দাবি জানিয়েছেন ভোক্তাদের সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, এ সরকারের কাছে প্রত্যাশা ছিল যে তারা জনবান্ধব সিদ্ধান্ত নেবে। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন সিদ্ধান্তের চাপ সাধারণ মানুষের ওপর এসে পড়ছে। নতুন করে ভোজ্যতেলের দামও আবার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্যাব ‘সব ধরনের নিত্যপণ্য, ওষুধ, এলপিজি সিলিন্ডার ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধন করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

মানববন্ধনে ক্যাবের সভাপতি সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট ও প্রভাবশালী গোষ্ঠী বাজারে সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, সরকার কি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে? দেশে সবকিছুর দাম বাড়লেও কমার প্রবণতা দেখা যাচ্ছে না। সামনে রমজানকে বিবেচনায় নিয়ে সরকারকে এখনই সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ১৮ কোটি মানুষের দাবি শুনে জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং মধ্যরাতে মূল্যবৃদ্ধির সংস্কৃতি বন্ধ করতে হবে।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া বলেন, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি মানুষের জীবনযাত্রার মানকে নিম্নমুখী করছে। যা সাধারণ ভোক্তাদের জীবনকে ক্রমেই কঠিন করে তুলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং মূল্যবৃদ্ধি রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত