ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

তারল্যসংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে আমানতকারীদের অর্থ ফেরত দিতে সাত হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। তবে এই বিপুল অঙ্কের ঋণ নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঋণ পরিশোধে ন্যাশনাল ব্যাংক ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ন্যাশনাল ব্যাংকের তারল্যসংকট বিবেচনায় নিয়ে সোনালী ব্যাংক থেকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকত আলী খান দেশ রূপান্তরকে বলেন, ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে সাত হাজার কোটি টাকা ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের তারল্যসংকট মোকাবিলা ও গ্রাহকদের অর্থ পরিশোধে সহায়তা হবে। আমানতকারীরা যাতে তাঁদের জমা টাকা ফেরত পান, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বৈঠকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। গ্রাহকেরা যে পরিমাণ অর্থ উত্তোলন করতে চাইবেন, তাঁদের সেই পরিমাণ অর্থ দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, ন্যাশনাল ব্যাংকের তারল্যসংকট থাকলেও গ্রাহকেরা ব্যক্তিগতভাবে নানা সংকটে রয়েছেন। তাই তারল্যসংকটের অজুহাতে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া থেকে বিরত থাকা যাবে না। প্রয়োজনে ধার করে হলেও গ্রাহকদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে কিছু ব্যাংকে আমানত ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার নিয়ে অভিযোগ উঠেছিল। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আত্মীয়স্বজন ও পরিচিত ব্যক্তিরা আগে টাকা পেয়েছেন, অথচ সাধারণ গ্রাহকেরা বঞ্চিত হয়েছেন—এমন অভিযোগের সত্যতা যা-ই হোক, ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ কোনোভাবেই বরদাশত করা হবে না। সব গ্রাহককে তাঁদের চাহিদা অনুযায়ী অর্থ দিতে হবে।

ন্যাশনাল ব্যাংককে অন্য ব্যাংক থেকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো, ব্যাংকটি নির্ধারিত সময়ে ঋণের অর্থ ফেরত দিতে পারবে কি না। কারণ, দীর্ঘদিন ধরে তারল্যসংকটে থাকা একটি ব্যাংকের পক্ষে নতুন ঋণ পরিশোধের সক্ষমতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলনে সীমাবদ্ধতার মধ্যে থাকা ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য আগামী ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ১১ অক্টোবর থেকে গ্রাহকদের নিজ নিজ শাখায় অর্থ উত্তোলনের চাহিদা জানিয়ে আবেদন জমা নেওয়া শুরু হয়।

পরিকল্পনা অনুযায়ী, গ্রাহকেরা শাখার কাউন্টার, এটিএম বুথ, অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। তবে এ উদ্যোগ বাস্তবায়নে পর্যাপ্ত নগদ অর্থের সংস্থান এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ সরবরাহ নিশ্চিত করাই হবে ব্যাংকটির জন্য বড় পরীক্ষা।

সোনালী ব্যাংকসহ অন্য ব্যাংক থেকে পাওয়া অর্থ এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তা ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াকে কতটা গতিশীল করতে পারে, তা নির্ভর করবে অর্থের প্রকৃত পরিমাণ, সরবরাহের সময় এবং ঋণ পরিশোধের সক্ষমতার ওপর।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ সাময়িকভাবে নগদ অর্থের সংকট কমাতে পারে। তবে ধার করা অর্থ পরিশোধের জন্য ন্যাশনাল ব্যাংককে নিজস্ব তহবিলের সংস্থান, ঋণ আদায় ও নগদ অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে। অন্যথায়, একদিকে আমানতকারীদের অর্থ ফেরত দিতে গিয়ে অন্যদিকে ঋণ পরিশোধের চাপ তৈরি হতে পারে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত