বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ এএম

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বৈশালী জেলার রাঘোপুর থানার অন্তর্গত রামপুর শ্যামচন্দ পঞ্চায়েত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা সবাই একটি ভোজের অনুষ্ঠানে যাচ্ছিলেন। খবর এনডিটিভি।

দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করছে।

বিহার বিধানসভার বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদবও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম দ্রুততর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এখনো নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তা কামনা করেন তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত