সুস্থ হয়ে চুয়েটের কার্যক্রম শুরুর আশা উপাচার্যের

পদত্যাগ ও ক্যাম্পাসে না ফেরার খবরকে মিথ্যা দাবি করে উপাচার্য বলেছেন, সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে চান।

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম

টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দীন। তিনি বলেন, চুয়েট উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো হচ্ছে। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এ ছাড়া একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনে দেশ রূপান্তরকে উপাচার্য বলেন, সরকারের পক্ষ থেকে তাকে আগে সুস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। সুস্থ হয়ে পুরো বিষয়টি বিস্তারিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তিনি।

উপাচার্য বলেন, টানা অবরুদ্ধ অবস্থায় অমানবিক পরিবেশের কারণে তাদের ১২ জনের স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। সোমবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়। পরে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে কিছুটা ভালো অনুভব করলেও বুকের ব্যথা ও মাথার যন্ত্রণা পুরোপুরি দূর হয়নি।

এদিকে পদত্যাগ এবং ভবিষ্যতে ক্যাম্পাসে না ফেরার খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন উপাচার্য। তিনি বলেন, পদত্যাগ কিংবা ক্যাম্পাসে না ফেরার বিষয়ে তিনি কোনো বক্তব্য বা বিবৃতি দেননি। অসত্য তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

চুয়েটে রাজনীতি চালুর বিষয়ে শিক্ষার্থীদের একাংশের ধারণা প্রসঙ্গে উপাচার্য বলেন, সিন্ডিকেটের মাধ্যমে চুয়েটে রাজনীতি বন্ধ রয়েছে। এটি চালু করার কোনো সুযোগ নেই। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন কারও দ্বারা ব্যবহৃত না হন-এমনটাই তার দৃঢ় বিশ্বাস। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় পড়ে অমূল্য শিক্ষাজীবন নষ্ট না করার আহ্বান জানান তিনি।

উপাচার্য আরও বলেন, রাষ্ট্র তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা পালন করতেই তিনি চট্টগ্রামে এসেছেন, কোনো ব্যক্তিগত বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত