মা ইলিশ রক্ষায় ৬ দিনে ৪৪ জেলে আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত ছয় দিনের অভিযানে ৪৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের অবৈধ জাল, মা ইলিশ ও নৌকা জব্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চাঁদপুরের কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার মুহতাদিন ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে পরিচালিত বিশেষ অভিযানে ৪ লাখ ৮৯ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা। এ ছাড়া ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ১০ কেজি মা ইলিশ এবং ৮ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ১৬টি অবৈধ বোট জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, নিষেধাজ্ঞা অমান্য করায় আটক ৪৪ জেলের মধ্যে ৩৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি ছয়জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আইন অমান্যকারীদের কাছ থেকে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্টেশন কমান্ডার মুহতাদিন ইসলাম জানান, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড।

তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণও অব্যাহত রয়েছে।

মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে মুহতাদিন ইসলাম বলেন, ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য।’ সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে ইলিশ সংরক্ষণে সবার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার অনুরোধ জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত