ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে বিএনপি-ছাত্রদল: ভোলায় ডাকসু জিএস

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

ভোলা সরকারি কলেজে ছাত্রশিবিরের অনুষ্ঠান বানচালের অভিযোগ তুলে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলা শহরের একটি রেস্টুরেন্টে ভোলা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ বলেন, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর বিএনপি ও ছাত্রদলের সময়ে ডাকসু নির্বাচন বন্ধ রাখা হয়েছিল। তার অভিযোগ, সে সময় ক্যাম্পাসে গণরুম ও গেস্টরুম সংস্কৃতিসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি বলেন, ‘ক্যাম্পাসের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা বিএনপি-ছাত্রদলের চিরায়ত ঐতিহ্য।’

তিনি আরও অভিযোগ করেন, ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও বাধার কারণে তা সম্ভব হয়নি। ছাত্রশিবিরের কর্মসূচি বানচাল করতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ডাকসুর জিএস বলেন, শিক্ষার্থীদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিবর্তে ছাত্রদল শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিভিন্ন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হওয়ার বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এস এম ফরহাদ বলেন, সংসদে গণতন্ত্রের কথা বলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার খর্ব করার রাজনীতি বন্ধ না হলে তরুণদের কাছে রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য ও কর্মকাণ্ডের দ্বিচারিতা স্পষ্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এস এম ফরহাদ। ভোলা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসানসহ অন্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত