উন্নত ও আধুনিক টেলিফোন সেবা নিশ্চিত করতে রাজধানীর গুলশান, বাড্ডা, বারিধারা, মহাখালী, বনানী ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার গ্রাহকদের পুরোনো টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আধুনিকায়ন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে এসব নম্বর পরিবর্তনের কাজ শুরু হয়েছে।
বিটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব এলাকার পুরোনো ৮৮৩১××× ও ৮৮৩৭××× নম্বরের টেলিফোনগুলো নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নম্বর দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। বিটিসিএলের MoTN প্রকল্পের আওতায় নতুন আইপি-ভিত্তিক MOTN AGW এক্সচেঞ্জের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন গ্রাহকদের পুরোনো ৮৮৩১××× ও ৮৮৩৭××× নম্বরের পরিবর্তে নতুন ০২২২২২××××× নম্বর দেওয়া হচ্ছে। নম্বর পরিবর্তনের ক্ষেত্রে যথাসম্ভব পুরোনো নম্বরের শেষের অঙ্কগুলোর সঙ্গে মিল রেখে নতুন নম্বর নির্ধারণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকদের সুবিধার্থে পুরোনো ও নতুন টেলিফোন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে ([www.btcl.gov.bd](http://www.btcl.gov.bd)) প্রকাশ করা হয়েছে। নম্বর পরিবর্তনের পর সংশ্লিষ্ট গ্রাহককে ফোন কলের মাধ্যমে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে।
বিটিসিএল জানিয়েছে, আধুনিক ও উন্নত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে এ নম্বর পরিবর্তন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।