নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানোর সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগেই মেসেজ লিখে নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করে রাখতে পারবেন। ফলে রিমাইন্ডার পাঠানো, ভিন্ন সময় অঞ্চলে যোগাযোগ কিংবা অফিসের নির্ধারিত সময়ের বাইরে বার্তা পাঠানোর কাজ হবে আরও সহজ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে নতুন এ সুবিধার সন্ধান পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপের ফিচারবিষয়ক তথ্য প্রকাশকারী প্ল্যাটফর্ম ডব্লিউএবিটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপের ২.২৬.৮.১১ বিটা সংস্করণে ফিচারটি দেখা গেছে।
নতুন সুবিধাটি ব্যবহার করতে মেসেজ পাঠানোর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর পর্দায় আসা অপশন থেকে বার্তা পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করা যাবে। নির্ধারিত সময়ে পাঠানোর আগে মেসেজ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগও থাকবে।
ফিচারটির মাধ্যমে লেখা, লিংক, ছবি ও ভিডিও পাঠানো যাবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও এটি ব্যবহার করা যাবে। নির্ধারিত সময়ে বার্তা পাঠাতে ফোন অনলাইন থাকা বাধ্যতামূলক হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের নির্দিষ্ট কিছু বিটা পরীক্ষকের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাতে পারে। তবে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি কবে উন্মুক্ত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।