বাংলাদেশের জার্সিতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বয়সভিত্তিক দলের গ-ি পেরিয়ে জাতীয় দলের হয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায় এই উদীয়মান ফুটবলার।
শুরুতে সাফে রোনানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তা কেটে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, আসন্ন প্রতিযোগিতার স্কোয়াডে থাকছেন এই তরুণ ফরোয়ার্ড। গত বুধবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকেই সে আমাকে নিশ্চিত করেছে যে, আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়সূচি। আমরা তাকে স্কোয়াডে রাখব।’ গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে তার ফ্রি-কিক ও হেড থেকে করা দুটি গোল বিশেষভাবে নজর কাড়ে। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশের ৪-৩ ব্যবধানের জয়ের পথেও অবদান রাখেন তিনি।
আগামী ৪-১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল বাদ পড়ায় এবার ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।