১৮ উইকেট নিয়ে ‘প্রমোশন’ লিয়নের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ এএম

ছোটদের লিগে বড়সড় বাজিমাত করেছেন লিয়ন ইসলাম। এবারও শুরুতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুর বিভাগীয় দলের মূল একাদশে সুযোগ পাননি এ অফ স্পিনার। এ জন্য দ্বিতীয় একাদশের হয়ে খেলেন তিনি। যেখানে দুই ম্যাচে ১৮ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন লিয়ন। সেটিও মাত্র ৩ দিনের ম্যাচে। তার স্পিন ভেলকিতে মুগ্ধ রংপুর প্রথম একাদশের প্রধান কোচ, সাবেক ফাস্ট বোলার নাজমুল হোসেন। এ জন্য ‘প্রমোশন’ হয়েছে ২৫ বছর বয়সী এ ক্রিকেটারের। এনসিএলের তৃতীয় রাউন্ডেই দ্বিতীয় একাদশ থেকে প্রথম একাদশের দলে খেলবেন তিনি। সব মিলিয়ে প্রায় ১০ ক্রিকেটার উন্নতির ছাড়পত্র পেয়েছেন। তবে তাদের সবাই পারফরম্যান্সের জন্য নয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্যানেলের সদস্য নাদিফ চৌধুরী বলেন, ‘চোট এখানে বড় একটা ব্যাপার। তবে পারফরম্যান্সও আছে। মূল একাদশে যারা ভালো করবে না, তারা দ্বিতীয় একাদশে যাবে। বসে থাকার থেকে খেলা ভালো। কিন্তু দুই ম্যাচ দেখেই কাউকে নামিয়ে দিতে চাই না আমরা। আরও ১-২টা রাউন্ড বিবেচনা করা হবে।’ তবে দ্বিতীয় একাদশ দল থেকে বেশ কয়েকজনের প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি, ‘দ্বিতীয় একাদশ থেকে বেশ কয়েকজনই মূল একাদশে গেছে। তবে এখনো হিসাব হয়নি যে পারফরম্যান্সের জন্য ঠিক কতজন সুযোগ পেয়েছে। আর কয়েকটি রাউন্ড গেলে আমরা এর নির্দিষ্ট সংখ্যাটা বলতে পারব।’ এখনো পরিপূর্ণ হিসাব না হলেও পারফরম্যান্স করে ‘প্রমোশন’ পাওয়া ক্রিকেটারদের মধ্যে লিওনের নামটা আলাদা করেই উল্লেখ করলেন নাদিফ, ‘ওরটা পারফরম্যান্সের জন্য। দ্বিতীয় একাদশে দুই ম্যাচেই ভালো করেছে ছেলেটা। ওর মতো আরও কয়েকজন আছে, যারা পারফরম্যান্সের জন্য খেলবে।’

 ২০২৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় লিওনের। তবে ওই এক ম্যাচেই থমকে আছে তার ক্যারিয়ার। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনসিএলে দ্বিতীয় একাদশের লিগে শুরু না করলেও এ স্পিনারের লাল বলের প্রতিভা চাপা পড়ে থাকত বলে মনে করেন রংপুরের টিম ম্যানেজমেন্টের এক সদস্য। চলতি মৌসুমে এনসিএলের দ্বিতীয় একাদশের ৮ ম্যাচের মধ্যে ফল হওয়া তিন ম্যাচের দুটি খেলে দুটিতেই জয় পেয়েছে রংপুর। সেখানে বড় অবদান লিওনের।

প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভার বল করে ওভারপ্রতি ২-এর নিচে রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট পান লিয়ন। প্রতিপক্ষকে ফলোঅনে ফেলে পরের ইনিংসে নেন আরও ৩ উইকেট। এবার ১০ ওভারে দেন মাত্র ৯ রান। অর্থাৎ সব মিলিয়ে দুই ম্যাচে ৭৩ ওভার ৪ বলে এই অফ স্পিনার ১৩৩ রান খরচ করে ১৮ উইকেট পান। কৃপণ বোলিংয়ে ওভারপ্রতি মাত্র ১.৮১ রান দেন তিনি। প্রতিটি উইকেটের জন্য ৭.৩৯ গড়ে রান দিয়েছেন লিয়ন। পাশাপাশি ব্যাটিংয়ে দুই ইনিংসেই অপরাজিত ছিলেন। দুবারই ১৭ রান করে আসে তার ব্যাট থেকে।

লিওনের মতো রংপুর বিভাগীয় দলে এনসিএলের দ্বিতীয় একাদশ থেকে প্রথম একাদশে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার তাফসির আরাফাত। পারফরম্যান্সের জন্য ২০ বছরের এই তরুণকে দলে নেওয়া হয়েছে বলে জানান রংপুরের প্রধান কোচ নাজমুল হোসেন। তাফসির সর্বশেষ ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করেন। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ১০৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেন। বল হাতেও চমক দেখান তিনি। সব মিলিয়ে ১৮.২ বলের মধ্যে ১০টি মেডেন দেন। ২-এর নিচে ইকোনমিতে মাত্র ৩৬ রান খরচ করে ৩ উইকেট নেন।

লিয়ন-তাফসিরের মতো না হলেও এনসিএলের দ্বিতীয় একাদশ থেকে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ঢাকা বিভাগীয় দলের মাহফুজুর রহমান রাব্বি। এ বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার কোচ মিজানুর রহমান। তবে রাব্বি পারফরম্যান্সের জন্য নয়। মূলত ঢাকা প্রথম একাদশের কয়েকজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন। এ জন্য রাব্বিসহ আরও কয়েকটি দলের দ্বিতীয় একাদশের কয়েকজন ক্রিকেটারকে ‘প্রমোশন’ দিয়েছেন নির্বাচকরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত