ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় প্রধানমন্ত্রী ও সরকারের অন্য কর্মকর্তারা নিরাপদে ছিলেন। তবে প্রধানমন্ত্রীর দেহরক্ষীদের মধ্যে দুজন নিহত হয়েছেন। হামলার পর প্রাসাদসংলগ্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ এএম

ইয়েমেনের বন্দরনগরী এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার প্রাসাদটির আশপাশে এ হামলা চালানো হয়।

ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী হতাহতদের এ তথ্য জানিয়েছেন বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হুথিরা আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় প্রধানমন্ত্রী ও সরকারের অন্য কর্মকর্তারা নিরাপদে ছিলেন। তবে প্রধানমন্ত্রীর দেহরক্ষীদের মধ্যে দুজন নিহত হয়েছেন। হামলার পর প্রাসাদসংলগ্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

এর আগে বৃহস্পতিবার প্রাসাদের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার খবর জানান আল-জাজিরার সংবাদদাতারা।

সৌদি আরব-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধান কার্যালয় ও ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত আল-মাশিক প্রাসাদ।

গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা

হুথিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের রাজধানী সানা থেকে আল-জাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তরে হুতিদের এ ধরনের হামলা নজিরবিহীন।

তার মতে, এ ঘটনা দুই পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরবের পাশাপাশি আঞ্চলিক অন্যান্য শক্তিও এতে জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কার মধ্যে ইয়েমেনে সর্বাত্মক গৃহযুদ্ধের ভয় বাড়ছে।

আনসার আল্লাহ নামেও পরিচিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত বাহিনীর লড়াই দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তাইজ এলাকায়ও তীব্র হয়েছে। হুতিদের অবরোধের মধ্যে থাকা তাইজ শহর ও এর আশপাশের এলাকায় সংঘাত ক্রমেই বাড়ছে।

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ এবং বিস্তৃত তাইজ প্রদেশের নিয়ন্ত্রণ যেকোনো পক্ষের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এসব এলাকার নিয়ন্ত্রণ বাব আল-মান্দেব প্রণালির ওপর প্রভাব বিস্তারে সহায়ক হতে পারে। গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে।

ধুবাব বিমানবন্দরে হামলা প্রতিহত করার দাবি

ইয়েমেন সরকারের মিত্র বাহিনীগুলো জানিয়েছে, তারা ধুবাব বিমানবন্দরে হুথিদের হামলা প্রতিহত করছে।

সরকারপন্থী হোমল্যান্ড শিল্ড ফোর্স এক বিবৃতিতে জানায়, তারা সাউদার্ন জায়ান্টস ব্রিগেডের সঙ্গে মিলে তাইজ প্রদেশের উপকূলীয় শহর ধুবাবের বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করছে।

এদিকে, তাইজে সহিংসতা বেড়ে যাওয়ায় সেখানকার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে বিভিন্ন ত্রাণ সংস্থা। গত রবিবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এলাকাটিতে ‘মানবিক বিপর্যয়ের’ আশঙ্কা প্রকাশ করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত