সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম

সিলেটের কানাইঘাট সীমান্তে মাত্র ৫ দিনের মাথায় গুলিতে আরেক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কানাইঘাটের দনা সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় চোরাকারবারি ময়নুল হকের সঙ্গে খালেদ আহমদ কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা ১৩৩৩নং মেইন পিলারের সীমান্তবর্তী মিকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় গুলিতে খালেদ আহমদ নিহত হন। তবে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নাকি ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, খালেদ আহমদের ভাই সালাউদ্দিন তাকে জানিয়েছেন, তার ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। লাশ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় পড়ে রয়েছে। তিনি ঘটনাটি থানা পুলিশ ও বিজিবিকে অবহিত করেছেন এবং বিজিবি লাশ উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে।

গতকাল রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় গুলিতে বাংলাদেশি যুবকের নিহত হওয়ার সংবাদ বিজিবির পক্ষ থেকে এখনো থানায় জানানো হয়নি।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সিলেটের কানাইঘাট সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহীন আহমদ নামে আরেক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত