কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্য ১৫ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেন।
মুক্তিপ্রাপ্ত পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা এক মাদক কারবারির উপস্থিতি টের পেয়ে তাকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েন।
পরে ভারতীয় বাসিন্দারা তাকে ধরে বিএসএফের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।
ওসি মো. ফারুক হোসেন জানান, দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে বৃহস্পতিবার রাত থেকে আলোচনা চলছিল। শুক্রবার দুপুরে তাদের বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতে ঢুকে মাদক কারবারি ধরতে গিয়ে আটক দুই পুলিশ