অস্ট্রেলিয়ার দাপটে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে হতাশাজনক এই সফরের তিক্ত অভিজ্ঞতাই আসছে সিরিজগুলোতে কাজে লাগাতে চায় মেয়েরা।
অজিদের মাটিতে নারী ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা সোবহানা মোস্তারি জানান, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ হারলেও অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতাকে পুঁজি করে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজগুলোতে ঘুরে দাঁড়াতে চায় দল।
অস্ট্রেলিয়ার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩৪ বলে ১৮টি চারে ১১৮ রানের দারুণ এক ইনিংস উপহার দেন সোবহানা। এর মাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ফারজানা হক ও নিগার সুলতানা জ্যোতির পর তৃতীয় বাংলাদেশি নারী ব্যাটার হিসেবে সেঞ্চুরিয়ানদের তালিকায় নাম লেখান ২৪ বছর বয়সী এই তারকা। তবে সেই ম্যাচে অধিনায়ক জ্যোতির সাথে ১৯৫ রানের রেকর্ড জুটিতে দলকে ২২০ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেও, দলীয় লক্ষ্য ২৫০ থেকে ৩০০ রান না হওয়ার আক্ষেপ কাটছে না তার।
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার আক্ষেপ প্রকাশ করে সংবাদমাধ্যমে সোবহানা বলেন, ‘ওরা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা সবাই জানি। ওদের বিপক্ষে খেলাটা সহজ ছিল না। আমার সেঞ্চুরি না, একেকদিন একেকজন অবদান রেখেছে। প্রথম দিন রিতু মনি, তারপর জ্যোতি, সোবহানা এবং স্বর্ণা। হয়তোবা বোলারদের জন্য অনেক ভালো টার্গেট দিতে পারিনি। তবুও দ্বিতীয়বার হিসেবে আমার জন্য ভালো ছিল। আমার কাছে মনে হয় যদি আমরা ২৫০- ৩০০ রান দিতে পারতাম, হয়তোবা বোলারদের জন্য আরেকটু সহজ হয়ে যেতো।’
পাহাড়সম লক্ষ্য দাঁড় করাতে না পারলেও, বিশ্বসেরাদের বিপক্ষে এমন লড়াই থেকে প্রাপ্ত শিক্ষা ভবিষ্যৎ অ্যাসাইনমেন্টে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস সোবহানার। সফরের অভিজ্ঞতা কীভাবে কাজে আসবে, তা নিয়ে সোবহানা মোস্তারি আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় যেহেতু এত ভালো দলের সাথে আমরা করতে পেরেছি, ভবিষ্যতে আমাদের যে খেলাগুলো আসছে নিউজিল্যান্ড, তারপর ওয়েস্ট ইন্ডিজ। এই অভিজ্ঞতা আমরা সেখানে কাজে লাগাতে পারব।’
সামনে বেশ ব্যস্ত সূচি আসছে জ্যোতি-সোবহানাদের। নভেম্বরের দ্বিতীয় আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি খেলতে থাইল্যান্ড যাবেন তারা। সেই টুর্নামেন্ট শেষে ডিসেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দল যাবে নিউজিল্যান্ড সফরে, সেখানে সাদা বলের দুই ফরম্যাটেই তিনটি করে ম্যাচের সিরিজ খেলবে দুই দল।
লাউতারোর চোটে দল সাজানোর কঠিন পরিক্ষায় আর্জেন্টিনাও