বাংলাদেশ ফুটবল লিগে টানা ম্যাচ জিতে জয়রথ ছুটছে বসুন্ধরা কিংস ও মোহামেডানের। শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা সিটি ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। লিগে এটি তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন সাদা-কালোরা। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি। অন্যদিকে, সিটি ক্লাবকে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বসুন্ধরা কিংস। তিন ম্যাচ খেলা কিংসের সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সিটি ক্লাব, যারা একটি ম্যাচ বেশি খেলেছে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি বসুন্ধরা কিংস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রবসনের গোলে এগিয়ে যায় তারা। পরে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা। যোগ করা সময়ে কাজেমের গোলে বড় জয় নিশ্চিত হয় কিংসের। লিগের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল কিংস। এরপর ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফেরে দলটি। এবার সিটি ক্লাবকে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখল ফেডারেশন কাপের পাঁচবার ও স্বাধীনতা কাপের তিনবারের চ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচে ১০ গোল করার বিপরীতে কোনো গোল হজম করেনি দলটি।
এদিকে মানিকগঞ্জে পিডব্লিউডির বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সাদা-কালোরা। ৪৬ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে সহজেই বল জালে জড়ান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। গোল খাওয়ার পর সমতায় ফেরার চেষ্টা করে পিডব্লিউডি। তবে মোহামেডানের গোছানো রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো ৭৮ মিনিটে মিনহাজুল আবেদিনের গোলে ব্যবধান বাড়ায় মোহামেডান। সেখান থেকে আর ম্যাচে ফেরা হয়নি পিডব্লিউডির। আজ লিগের ম্যাচ রয়েছে তিনটি।