এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এবার দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরই মধ্যে খেলোয়াড়, কোচ ও সংগঠনসহ বিভিন্ন বিভাগে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে এএফসি। বাফুফে মনোনয়ন পেয়েছে মেম্বার অ্যাসোসিয়েশন রুবি ক্যাটাগরি ও গ্রাসরুট ফুটবল সিলভার ক্যাটাগরিতে। গত বছরও দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিল বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে তারা।
গ্রাসরুট ফুটবলের সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশের সঙ্গে মনোনয়ন পেয়েছে গুয়াম ও ভারত। গত বছর এএফসি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল বাংলাদেশ। এবার এক ধাপ এগিয়ে রৌপ্য ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়াকে তৃণমূল ফুটবলের উন্নয়ন কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।