কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশালাকার একটি বাঘাইড় মাছ। মাছটি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন সাজু মিয়া।

স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও প্রচুর। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।

আরেক মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগে থেকেই অর্ডার দিয়ে তার কাছ থেকে এসব মাছ কেনেন। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছের চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী-উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। নদে দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত