চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দাম নামের এক ব্যক্তির অফিসের সামনে এ ঘটনা ঘটে। তারেক সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকার কোরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আলী আহমদ এবং মা জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালালে তারেক ও তাফসির গুলিবিদ্ধ হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে এ হামলা এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা