দেশপ্রেমিক গড়তে কাজ করছে ফুলকুঁড়ি আসর: রিহ্যাব প্রেসিডেন্ট

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম

বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শিশু-কিশোরদের মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) প্রেসিডেন্ট আলী আফজাল বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি। দেশের সব ক্ষেত্রে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। ফুলকুঁড়ি আসরের কার্যক্রম দেখে তিনি আশাবাদী।

আলী আফজাল বলেন, গত ৫৪ বছরে দেশের শিক্ষাব্যবস্থা দেশপ্রেমিক, সৎ ও প্রকৃত উদ্যোক্তা তৈরিতে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। এর ফলে সমাজে নৈতিকতার অবক্ষয় ও নানা ধরনের হতাশা দেখা যাচ্ছে। শিশু-কিশোরদের মাদকাসক্তির ঝুঁকি এবং বিভিন্ন স্থানে অনৈতিক কর্মকাণ্ডের খবরও উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, হতাশার মধ্যেও ফুলকুঁড়ি আসরকে দেখে আশাবাদী হই। সংগঠনটি ৫২ বছর ধরে কাজ করছে। এখান থেকে ভবিষ্যতে দেশের জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে বলে আশা করি।

রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, নেতৃত্ব বলতে শুধু রাজনৈতিক নেতৃত্বকে বোঝায় না। প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনীসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। এ ধরনের নেতৃত্ব গড়ে উঠলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। ভবিষ্যতে ফুলকুঁড়ি আসর এ ধরনের নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, চিত্রশিল্পী ও কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন আজাদ।

সারা দেশ থেকে আসা প্রায় দুই হাজার শিশু-কিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীর অংশগ্রহণে শিশু একাডেমি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাইন্ড ম্যারাথন সিজন-৩, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১তম জাতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, বৃক্ষরোপণ প্রতিযোগিতা, ভিডিও ছড়াপাঠ প্রতিযোগিতা, ১০ম জাতীয় দেয়ালিকা উৎসব, অগ্রপথিক ব্যাজ প্রদান ও স্মৃতিলিখন প্রতিযোগিতাসহ মোট ১১টি বিভাগে বিজয়ীদের মধ্যে ২৬৭টি পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবের সাংস্কৃতিক পর্বে গান, কবিতা আবৃত্তি, পরিবেশবান্ধব কোরিওগ্রাফি, থিম সং, নাটিকা ও পাপেট শো পরিবেশিত হয়। সবশেষে শিশুতোষ মঞ্চনাটক ‘বন্দী খাঁচার পাখিরা’ প্রদর্শনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত