টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের সময় সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও তিনটি ইজিবাইকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় একজন ইজিবাইকচালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত