কক্সবাজারে লেইস প্রকল্পের শিক্ষা সফর সম্পন্ন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ পেলেন লেইস প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণার্থীরা। কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের দেড় শতাধিক প্রশিক্ষণার্থীকে নিয়ে দুই দিনব্যাপী এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) অনুষ্ঠিত এ সফরে পিডিটি ও বেসিক কোর্সের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। সফরে তারা কক্সবাজার সমুদ্রসৈকত, পাথুয়ারটেক, মেরিন ড্রাইভ, ইনানী সমুদ্রসৈকত, হিমছড়ি ও ফিশ ওয়ার্ল্ডসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। বিনোদনের পাশাপাশি সমুদ্র উপকূলের পরিবেশগত বৈশিষ্ট্য ও প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পান তারা।

কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে পরিচালিত ৪২ দিনব্যাপী শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (পিডিটি) কোর্সের বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের তৃতীয় ব্যাচের ৮০ জন এবং ৫৬ দিনব্যাপী বেসিক প্রশিক্ষণ কোর্সের ৮০ জন প্রশিক্ষণার্থী এ সফরে অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন প্রশিক্ষকেরাও। শিক্ষা সফর শেষে শনিবার সকালে সবাই কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে ফিরে আসেন।

সফরের অভিজ্ঞতা জানিয়ে বেসিক কোর্সের প্রশিক্ষণার্থী মো. ইকবাল বলেন, ‘প্রশিক্ষণের পাশাপাশি এ ধরনের শিক্ষা সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও শিক্ষণীয়। সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।’

বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষণার্থী শফিকুর রহমান বলেন, ‘এ ধরনের আয়োজন প্রশিক্ষণার্থীদের মধ্যে দলগত কাজ, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। একই সঙ্গে দীর্ঘ প্রশিক্ষণের একঘেয়েমি দূর করে নতুন উদ্যমে ফেরার প্রেরণা জোগায়।’

ইংরেজি বিষয়ের প্রশিক্ষণার্থী জনারধন বলেন, ‘শিক্ষা সফরের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটানোর পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে, যা তাঁদের পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।’

সংশ্লিষ্টরা মনে করেন, পেশাগত প্রশিক্ষণকে শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন প্রশিক্ষণার্থীদের জ্ঞানের পরিধি বাড়ায়। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও পেশাগত দক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ সর্বাধিক পঠিত