এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট’ (আইসিসিএ ২০২৬)।

দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ অক্টোবর। এতে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিশেষজ্ঞরা কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি, সাম্প্রতিক উদ্ভাবন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।

এ বছরের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডাসহ বিভিন্ন দেশের গবেষকদের গবেষণাকর্ম রয়েছে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও বøকচেইন প্রযুক্তিসহ কম্পিউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের বিষয় তুলে ধরা হয়।

আইসিসিএ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের (এফএসটি) সহযোগী ডিন ও সম্মেলনের জেনারেল চেয়ার প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের (এফএসটি) ডিন ও সম্মেলনের প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. দীপ নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, শিক্ষক, গবেষক, প্রযুক্তিবিশেষজ্ঞ এবং দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এ আয়োজনের মধ্য দিয়ে কম্পিউটিং ও প্রযুক্তি খাতে গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এআইইউবি।

সর্বশেষ সর্বাধিক পঠিত