ব্যবসায়িক কার্যক্রমে জ্ঞান বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এতে চেম্বারের পক্ষে সভাপতি মোহাম্মদ আমিরুল হক এবং সিআইইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবছার স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘শিল্প খাত ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সহযোগিতা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ ব্যবসায়িক খাতের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষা ও গবেষণার সমন্বয় ঘটিয়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে।’
তিনি বলেন, ‘কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম আঞ্চলিক সরবরাহব্যবস্থা ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত হবে। সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী এক বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাও প্রয়োজন। এসব জনশক্তি কর্মক্ষেত্রে যুক্ত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে। তাই শিল্প খাতের চাহিদা অনুযায়ী বাস্তব ব্যবসায়িক জ্ঞানসম্পন্ন স্নাতক তৈরি করতে শিল্প ও শিক্ষাঙ্গনের সহযোগিতার বিকল্প নেই।’
সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবছার বলেন, ‘অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সিআইইউ মানসম্মত শিক্ষার বিস্তার ও দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, নারী উদ্যোক্তা উন্নয়ন, চীনা ও জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বাংলা ভাষা শেখানোর মতো উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রাখছে।’
তিনি আরও বলেন, ‘দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চেম্বারের সঙ্গে এ সমঝোতা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়ন এবং সিআইইউর শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ বলেন, বাণিজ্য সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের সমঝোতা ও সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখতে পারে। সমঝোতা স্মারক যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে জন্য উভয় পক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী সমঝোতা স্মারক বাস্তবায়নে চেম্বার কর্তৃপক্ষ ও সিআইইউর শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। অগ্রাধিকারমূলক খাত চিহ্নিত করে শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চেম্বার পরিচালক প্রকৌশলী মো. গোলাম সরওয়ার, শান শাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান এবং সিআইইউর স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুর কাদের ও অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।
এ সময় চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), মোহাম্মদ মনির উদ্দিন, মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, মোহাম্মদ নুরুল ইসলাম, শহীদুল আলম ও মো. সেলিম নুর এবং চট্টগ্রামে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মো. দিদারুল আলমসহ সিআইইউর ট্রাস্টি বোর্ডের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।