নর্দান ইউনিভার্সিটির নবীনবরণ

উদ্যোক্তা হওয়ার মানসিকতায় এগিয়ে যাওয়ার আহ্বান

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, বরং নিজেকে দক্ষ, সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রচলিত চাকরিনির্ভর চিন্তা থেকে বেরিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং কঠোর পরিশ্রম, সততা ও দলগত কাজের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের কোর্টইয়ার্ড প্রাঙ্গণে আয়োজিত ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা।

সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা, কর্মমুখী দক্ষতা ও ব্যক্তিগত বিকাশের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপ অব কোম্পানিজের সিইও সৈয়দ আলমগীর। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই দায়িত্বশীল ও ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে এগোতে হবে। জীবনে সফলতার জন্য ভাগ্য কিংবা স্বীকৃতির চেয়ে কঠোর পরিশ্রম, সততা ও দলগত প্রচেষ্টা বেশি গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, সততা ও অধ্যবসায়ের মতো গুণাবলি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন সৈয়দ আলমগীর। তিনি বলেন, শেখার আগ্রহ ধরে রাখতে হবে এবং কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে শিক্ষকদের কাছে প্রশ্ন করে তা বুঝে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা বাস্তব জীবনে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করে, সেদিকে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।

নবীন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে শিক্ষার্থীদের পরিচয়ের সঙ্গে নর্দান ইউনিভার্সিটির নাম যুক্ত হলো। তাই সততা ও ঐক্য বজায় রাখার পাশাপাশি তাঁদের বাবা-মায়ের স্বপ্ন, পরিশ্রম ও ত্যাগের যথাযথ মূল্য দিতে হবে। স্নাতক শেষ করে শুধু প্রচলিত চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করার মানসিকতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে প্রচলিত শিক্ষাব্যবস্থায় ব্যবহারিক অভিজ্ঞতার সুযোগ বাড়ানোর প্রস্তাব দেন প্রধান অতিথি। এ প্রসঙ্গে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে তিনি চার বছরের স্নাতক শিক্ষাকে ‘২+২ মডেলে’ সাজানোর কথা বলেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, প্রথম দুই বছর শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের পাশাপাশি পরবর্তী দুই বছর কর্মক্ষেত্রভিত্তিক ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করা যেতে পারে। এ ধরনের ব্যবস্থা চালু করতে সরকারের সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, নর্দান ইউনিভার্সিটিকে বেছে নেওয়া তাঁদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয় জীবনকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, নিজেকে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় অন্যতম শ্রেষ্ঠ জায়গা। শিক্ষার্থীদের এখন সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা শুধু বয়সে বড় হবেন, নাকি জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করবেন।

সাহিত্যিক লিও টলস্টয়ের দর্শন তুলে ধরে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, সবাই বিশ্বকে পরিবর্তন করার কথা ভাবলেও নিজেকে পরিবর্তনের কথা খুব কম মানুষই ভাবেন। তাই অন্যকে পরিবর্তনের আগে নিজের পরিবর্তনের দিকে মনোযোগ দিতে হবে। সময়ের সর্বোচ্চ ব্যবহার, মানুষের কল্যাণে কাজ করা এবং প্রত্যেক মানুষের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বাস্তব দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান উপাচার্য। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, লাইব্রেরি ও অন্যান্য শিক্ষাসুবিধা সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত