খাগড়াছড়ি সীমান্তে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শনিবার (১৭ অক্টোবর) ভোররাতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর বুদ্ধমনি পাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে এ টহল পরিচালনা করা হয়।

টহলদলটি কচুছড়িমুখ পাড়া এলাকায় পৌঁছালে আনুমানিক ১০০ থেকে ১৫০ গজ দূরের একটি অন্ধকারাচ্ছন্ন স্থানে কয়েকজনকে দেখতে পায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল কৌশলগতভাবে সামনে অগ্রসর হয়।

এ সময় সীমান্তের কাছের পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দল সীমান্ত সড়কে নেমে আসে। পরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের নির্দেশনায় টহলদল তাদের চ্যালেঞ্জ করে থামতে বলে। তবে তারা দ্রুত পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ধাওয়া করলে দলটি সীমান্ত সড়ক থেকে আশপাশের জঙ্গলে ছড়িয়ে পড়ে পালিয়ে যায়।

পরে ওই এলাকার আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত