চট্টগ্রাম থেকে ফেরার পথে প্রাণ গেল সওজ কর্মচারীর

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

চট্টগ্রাম থেকে চাঁদপুরে ফেরার পথে ফেনীতে সড়কে তার পেঁচিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মচারী সাখাওয়াত হোসেন রনি (৩৮)। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি চাঁদপুরের হাজীগঞ্জ সওজ সার্কেল অফিসের মাস্টার রুলের কর্মচারী ছিলেন। তিনি হাজীগঞ্জ রোটারেক্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্টও ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনিহার গ্রামে। তার মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামে বেড়াতে যান রনি। সেখান থেকে চাঁদপুরে ফেরার পথে ফেনী এলাকায় তার মোটরসাইকেলের সঙ্গে সড়কের তার পেঁচিয়ে দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের এসও আবু হানিফ জানান, শুক্রবার ব্যক্তিগত কাজে চট্টগ্রামে গিয়েছিলেন রনি। শনিবার সকালে তিনি ফোন করে অফিস খোলার বিষয়ে জানতে চাইলে রনি জানান, তিনি চট্টগ্রাম থেকে রওনা হয়েছেন। এর কিছুক্ষণ পরই তিনি খবর পান, ফেনীতে সড়কের ওপর তার পেঁচিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রনি। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে, নিহত সাখাওয়াত হোসেন রনির মরদেহ চাঁদপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত