জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে ১৫ প্রকল্প। এর মধ্যে নতুন ১৩টি এবং সংশোধিত দুটিসহ প্রকল্প রয়েছে। আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভাপতিত্ব করবেন। সভায় বিকল্প সভাপতি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ ছাড়া অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একনেক আলোচ্য সূচির প্রথমে রয়েছে স্থানীয় সরকার বিভাগের পাঁচটি প্রকল্প। এগুলো হলো বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাতের সংস্কার ও উন্নয়ন; বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন (প্রথম পর্ব); ‘প্রবৃদ্ধি: নির্বাচিত পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন’ এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নে উদ্ভাবন প্রকল্প।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়’ এবং অপারেশনাল যানবাহন ক্রয়সংক্রান্ত দুটি প্রকল্প রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলোÑ ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপের কর্মকর্তাদের বাসস্থান নির্মাণ এবং ঢাকা সেনানিবাসে সেনাসদর এমটি কোম্পানি এলাকায় গাড়ি পার্কিং ও আবাসিক সুবিধাসহ বহুমুখী ভবন নির্মাণ। এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পটিও সভায় উপস্থাপন করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘দেশের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন প্রকল্প’ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও অনুমোদনের জন্য উঠবে।
অন্যদিকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ (তিতাস-৩২ ও ৩৩) খনন প্রকল্প, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম : তুরাগ নদীর প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় সমন্বিত দূষণ পর্যবেক্ষণ ও প্রয়োগ ব্যবস্থা’ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনী সভায় উপস্থাপন করা হবে।
এ ছাড়া পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত পাঁচটি প্রকল্পের বিষয়ে একনেকে অবহিত করা হবে। প্রকল্পগুলো হলোÑ দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকীকরণ; দেশের শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ; ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যানবাহন চলাচলের অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা প্রকল্পের প্রথম সংশোধনী; ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের প্রথম সংশোধনী এবং গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যান ও যন্ত্রপাতি সংগ্রহ।