অ্যাবাউট ডার্কের ‘নিরাকার’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ এএম

দেশের বিকল্পধারার রক ব্যান্ড ‘অ্যাবাউট ডার্ক’ এবার তাদের নতুন গান ‘নিরাকার’ প্রকাশ্যে আনল। ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে। বাক্স্বাধীনতা, মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার মতো বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গানটি। এক বিজ্ঞপ্তিতে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের কণ্ঠরোধ, চিন্তার স্বাধীনতা সংকুচিত করা এবং সামাজিক চাপে নিজস্ব পরিচয় হারিয়ে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গানের সুর ও কথায় তুলে ধরা হয়েছে। গানটি নিয়ে অ্যাবাউট ডার্কের পক্ষ থেকে শিল্পী মুন জানিয়েছে, ‘নিরাকার’ মূলত মানুষের অসহায়ত্ব, বিলুপ্ত হতে বসা অস্তিত্ব এবং হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার ব্যাকুল আকুতির এক বয়ান। গানের প্রতিটি ছত্রে সামাজিক চাপ, আরোপিত মূল্যবোধ ও ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষের চিন্তা প্রকাশের পথ অবরুদ্ধ হয়ে পড়ার নির্মম বাস্তবতা ফুটে উঠেছে। ২০১৬ সালে যাত্রা শুরু করে সংগীত অঙ্গনে এক দশক পূর্ণ করতে চলেছে অ্যাবাউট ডার্ক। এই পথচলায় ‘কোন মোহে’, ‘তুমি’, ‘কালো মানুষ’ ও ‘লাইন’ শিরোনামে একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত