পূজায় নেই তারকাশিল্পীর গান

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ এএম

দুর্গোৎসব মানেই চারপাশে সাজ সাজ রব। আলোর রোশনাই, ঢাকের বাদ্য আর মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে দুর্গার আগমনে প্রতি বছরই নতুন গান প্রকাশ করেন সংগীতশিল্পীরা। সেই উৎসবের আবহে এবারও শিল্পীরা কণ্ঠে তুলেছেন নতুন গান। তবে নেই আলোচিত বা তারকা শিল্পীদের গান।

এবারের পূজায় ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের দ্বৈত গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। তাদের সঙ্গে রয়েছেন মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা। সঞ্জয় রায়ের লেখা গানটির সুর, সংগীতায়োজন  করেছেন সমরজিৎ রায়। গানটি প্রকাশ পেয়েছে আইটিউনস, স্পটিফাইসহ আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে। এছাড়া সমরজিৎ রায়ের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। পূজা উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে কাজী শুভর কণ্ঠে নতুন গান ‘বউ বানাইয়া আনবো ঘরে’। আলামিন সরকারের কথা ও সুরে গানটির সংগীতায়োজন আহমেদ সজিব।

প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী পুনম মিত্রের নতুন গান ‘তোমার শুভ আগমনে’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অনিন্দিতা অথি ও প্রজ্ঞা লাবণী সেন। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পুনম মিত্র নিজেই। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

গায়ক সৈকত দাসের ইউটিউব চ্যানেল থেকে এসেছে ‘মা দুর্গা এলেন ঘরে’। তবে এটি কেবল পূজার গানই নয়, এর ভেতরে জড়িয়ে আছে একটি মন্দিরের গল্প। যেটার বয়স শতবর্ষ পেরিয়েছে। গানটির কথা লিখেছেন পঙ্কজ দেব অপু। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এতে সৈকত দাসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ, মৌমিতা বড়–য়া, অনন্যা আচার্য ও পলাশ লোহ।

সংগীতশিল্পী অরূপ রতন চৌধুরী গেয়েছেন ‘জয় মা দুর্গা’। দেবী দুর্গার মহিমা ও ভক্তির অনুভূতি তুলে ধরার পাশাপাশি পূজার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে গানটি। গানের কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী। ভিডিওচিত্র নির্মাণ করেছেন এ বাবুল। এতে মডেল হিসেবে পারফর্ম করেছেন অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদ। গানটি শোনা যাবে অরূপ রতন চৌধুরীর ইউটিউব চ্যানেলে।

‘অসম সমীকরণ’ শিরোনামের একটি গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার। গানটির কথা ও সুর করেছেন সংগীতশিল্পী অটামনাল মুন। মুক্তা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রচার করা হয়েছে।

অন্তর্জালে এসেছে পূজার গান ‘প্রিয় দুর্গা মা’। রিভাইভ রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে গানটি। এটি গেয়েছেন বিশ্বজিৎ। গানটি লিখেছেন মাহী ফ্লোরা। সুর করেছেন গায়ক বিশ্বজিৎ। সংগীতায়োজনে সব্যসাচী রনি। গানচিত্র বানিয়েছেন রিংকু বর্মণ। ভিডিওতে অভিনয় করেছেন নিলাদ্র বিশ্বাস, লাব্বিকা নাওয়াজ সহিষ্ণুতা ও ইশিকা জাহিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত