মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার (১৯ অক্টোবর) পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন। সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ইশরাক পোস্টে লেখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে যোগ দেবেন।
ইশরাক আরও লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে।
তিনি জানান, দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের সুযোগ পাবেন। পোস্টে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে গিয়ে ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র হাতে নেন ইশরাক হোসেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার পর রবিবার (১৮ অক্টোবর) খবর ছড়ায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
‘সুনির্দিষ্ট হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি’: ইশরাক হোসেন
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক