হাতিয়ায় ১৫ টন চিনি জব্দ, পালালেন চোরাকারবারিরা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ টন লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। 

এ সময় সন্দেহজনক একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজ সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত