বিটিভিতে বিজয়া দশমীতে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও সংগীতের নান্দনিক সমন্বয়ে নির্মিত এই আয়োজনে জীবন্ত হয়ে উঠবে দেবী দুর্গার আগমনী বার্তা থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক আখ্যান। ২১ অক্টোবর রাত ১০টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। প্রযোজনা করেছেন ইয়াসমিন আক্তার এবং গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় যুক্ত রয়েছেন জয়া সাহা ও অভিজিৎ। শারদীয় দুর্গোৎসবের চিরায়ত আবহ, দেবীর মাহাত্ম্য এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির বিজয়ের শাশ্বত বার্তা ফুটিয়ে তোলা হয়েছে এই আয়োজনে।

এতে দেবী দুর্গা ও মহিষাসুরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া ও রতন সাহা। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু ম-ল, হরিদাস মজুমদার ও পঙ্কজ কুমার চক্রবর্তী প্রমুখ।

নাট্যাভিনয়, মনোজ্ঞ নৃত্য এবং ভক্তিমূলক সংগীতের সম্মিলনে সাজানো এই বিশেষ অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত