প্রায় ১৪ বছর আগে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। আপিল বিভাগে শুনানির বিষয়ে রাষ্ট্রপক্ষের আর্জির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এদিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্ক এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আক্রমণকারীরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। এ হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ রায়ে আটজনকে মৃত্যুদ- ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- দেয়। ২০১৭ সালের ৬ আগস্ট মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আপিলের ওপর শুনানি শেষে রায় দেয় হাইকোর্ট।
হাইকোর্টের রায়ে অধস্তন আদালতে মৃত্যুদ-প্রাপ্ত আট আসামির মধ্যে দুজনের মৃত্যুদ- বহাল, চারজনের মৃত্যুদ- পরিবর্তন করে যাবজ্জীবন এবং অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়। এ ছাড়া অধস্তন আদালতে যাবজ্জীবন কারাদ- পাওয়া ১৩ আসামির মধ্যে যে দুজন আপিল করেন তারা হাইকোর্টে খালাস পান। অ্যাটর্নি জেনারেল গতকাল সাংবাদিকদের বলেন, সাইফুল ইসলাম ও কাইয়ুম মিয়া টিপুকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।