রাজধানীর আদাবর শম্পা মার্কেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী জাহিদ রহমান জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে এসআরবি। গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সোমবার তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সহায়তার আশ্বাস প্রদানকারী জনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অভিযান চালানো হয়। কিন্তু তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানগুলো ব্যর্থ হলে তথ্য পাচারের সন্দেহ তৈরি হয়। তার সম্পর্কে বিভিন্ন সোর্স থেকে আভিযানিক দল জানতে পারে, তিনি নিজেই একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শম্পা মার্কেট এলাকার পরিত্যক্ত অফিস কক্ষ থেকে ধৃত আসামির জনের একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এসআরবি-২। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছিল সে। তার নামে যাত্রাবাড়ী থানায় একটি দলবদ্ধ পরিকল্পিত হত্যা মামলা রয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আদাবর থানায় নতুন আরেকটি মামলা হয়েছে।