নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১২ অক্টোবর রাত সোয়া ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দাউদপুর রোডের মাহমুদপুর ইউনিয়নের জামালপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। একদল ডাকাত সড়কে গাছ ফেলে যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে। পরে তারা চলাচলরত যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ডাকাতি করা হয়।
ঘটনার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় অভিযোগ করা হয়। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেন। একপর্যায়ে জেলা গোয়েন্দা পুলিশের তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযানে ডাকাত দলের আট সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, ইনফিনিক্স, অপো, ভিভো, অনার ও স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোবাইল ফোন, একটি ম্যাক্সটেল বাটন ফোন, একটি চাপাতি ও একটি ছুরি। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এ ডাকাতির ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত আটজনকে নবাবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।