জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মহানগর দক্ষিণের নতুন কমিটির সভাপতির দায়িত্বে এসেছেন জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান নেতা নাঈম আবেদীন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন।

সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু হয় তার। শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ের দায়িত্ব পালন করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ হলে এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পান তিনি।

নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত