সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশ ও ভারতের নাগরিকসহ চার বিদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। সৌদি পুলিশের বরাতে গত মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম আজেল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রিয়াদের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। সামাজিক শৃঙ্খলা রক্ষা, ভিক্ষাবৃত্তির বিস্তার রোধ এবং অনুদানের অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা বাহিনী এই ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির আইনানুযায়ী উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দান ও অনুদান দিতে আগ্রহীদের কেবল সরকার স্বীকৃত ও অনুমোদিত নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করার অনুরোধ জানিয়েছে সৌদি জননিরাপত্তা বাহিনী। এতে প্রকৃত অভাবী মানুষদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত হবে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।
এদিকে, সৌদি আরবের আসির অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে আরও এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিশেষ সড়ক নিরাপত্তা বাহিনী। ওই বিদেশি নাগরিকের গাড়ি থেকে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে তাকে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।