সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হচ্ছে, দুর্নীতিবাজ সমাজের নেতা: স্পিকার

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ এএম

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের সমাজব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ কমে আসছে। সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হচ্ছে, সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে যাচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটাই ছিল লজ্জার বিষয়। ইথিওপিয়ার মানুষের সততার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আমরা কোথায় চলে গেছি! সবচেয়ে বড় দুর্নীতিবাজ সমাজের নেতা হয়ে গেছে।’ তাঁর অভিযোগ, খুন-গুম, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল আওয়ামী লীগ সরকার। ১৫ বছরের অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের হোতাদের হাত থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। আওয়ামী লীগকে ‘সেয়ানা দল’ উল্লেখ করে তিনি বলেন, শেখ পরিবারের একজনও গ্রেপ্তার হননি।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাং ও হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু এবং উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ৫৩ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। সংবর্ধনা শেষে স্পিকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি তজুমদ্দিন উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী কালীমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত