গাজীপুরে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম

গাজীপুর জেলার শ্রীপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি, ভাঙারি, স্যানিটারি, তুলা ও ঝুটের গুদামসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। একই আগুনে একটি জামে মসজিদও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাতের শেষ দিকে বাজারের একটি দোকানে আগুন দেখতে পান তারা। এ সময় সবাই ঘুমিয়ে থাকায় আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে কেউ এগিয়ে আসতে পারেননি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১২টি দোকানের মালামাল পুড়ে যায়। একই সঙ্গে একটি জামে মসজিদও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক রফিকুল ইসলাম জানান, গভীর রাতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দেখতে পেয়ে একজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

রফিকুল ইসলাম বলেন, আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাদের ধারণা।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পান তারা। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। চারটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত