গৌরীপুরে প্রতিমা বিসর্জনের মিছিলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে বিজয়া দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব কুমার চৌহান (৪৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২১ অক্টোবর) রাতে পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় ঝলক পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে। নিহত সঞ্জীব কুমার চৌহান গৌরীপুর শহরের শ্যামলাল চৌহানের ছেলে। পৌর শহরের কালীপুর মোড়ে ইলেকট্রনিকস মেকানিক হিসেবে তার একটি দোকান রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পূজা কমিটি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝলক পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য অনন্ত সাগরে নেওয়ার প্রস্তুতি চলছিল। প্রথমে ছোট দুটি প্রতিমা বের করার পর মূল দুর্গাপ্রতিমা নেওয়ার সময় রাস্তার বৈদ্যুতিক তার বাঁশ দিয়ে উঁচু করা হয়। প্রতিমা পার হওয়ার পর তারটি আবার নিচে ঝুলে পড়ে।

এ সময় পথচারীদের নিরাপদে চলাচলের সুবিধার্থে সঞ্জীব বৈদ্যুতিক তারটি গাছে তুলে দেওয়ার চেষ্টা করেন। অসাবধানতাবশত তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উপস্থিত লোকজন শুকনো বাঁশের সাহায্যে তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ঝলক পূজা কমিটির সভাপতি অজিত কুমার চৌহান জানান, পূজার শুরু থেকেই সঞ্জীব বিভিন্ন কাজে সক্রিয় ছিলেন। বিসর্জনের শেষ মুহূর্তে অন্যদের চলাচলের সুবিধা করে দিতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার বলেন, আমরা যখন মাকে বিসর্জন দেওয়ার আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময় মাকে বিদায় জানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সঞ্জীব। তার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তার আত্মার শান্তি কামনা করি।

সর্বশেষ সর্বাধিক পঠিত