গাজীপুরে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম

গাজীপুর জেলার শ্রীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকানপাট পুড়ে গেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের  প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়াতে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়।

তিনি আরও জানান, চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত