মুন্সীগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে বন্দুক, গুলি, ইয়াবা ও ধারালো অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি একনলা বন্দুক, শর্টগানের এক রাউন্ড গুলি, ২০০টি ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো রামদা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ইয়াসিন ওই গ্রামের আলেক সরদারের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাসকান্দি গ্রামে ইয়াসিনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় বাড়ি থেকে বন্দুক, গুলি, ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ইয়াসিনের বিরুদ্ধে মাদকসহ ইতোমধ্যে পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত