ভোলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের বাসভবন প্রাঙ্গণে জাতীয় বন্ধুজন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। জাতীয় বন্ধুজন পরিষদের আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং সংগঠনটির প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের কল্যাণে তরুণ প্রজন্মকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে নিজেদের মেধা ও যোগ্যতা দেশ গঠনের কাজে লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এ আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফল অর্জন এবং দেশসেবায় অনুপ্রাণিত করবে।
আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া, তাদের উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পী ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।