মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টেবর) বিকেলে হাসপাতালে তাকে দেখে এ তথ্য জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে গতকাল উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজকে তার অবস্থা স্থিতিশীল আছে।’

তিনি জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে মঈন খানের চিকিৎসা চলছে।

এদিকে আজ সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতালে গিয়ে মঈন খানকে দেখতে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে বুধবার রাতে বুকে ব্যথা ও কাশি নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

সর্বশেষ সর্বাধিক পঠিত