সরকারের কাছে বিশেষ আবেদন ইলিয়াস কাঞ্চনের

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এর প্রতিষ্ঠাতা চিত্রতারকা ইলিয়াস কাঞ্চন ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। নায়কের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো উল্লেখ করে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব লিটন এরশাদ বলেন, চিকিৎসকরা আশা করছেন খুব শিগগিরই তিনি দেশে ফিরতে পারবেন।’ 

অন্যদিকে, জাতীয় নিরাপদ সড়ক দিবসে লন্ডন থেকে একটি লিখিত বক্তব্য দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘২২ অক্টোবর শুধু একটি দিবস নয়। এই দিনটি আমাদের শোক, স্মৃতি, আন্দোলন এবং সড়কে মানুষের জীবন রক্ষার অঙ্গীকারের সঙ্গে গভীরভাবে জড়িত।’ 

তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনাকে আমরা অনেক সময় নিয়তি বা দুর্ভাগ্য বলে পাশ কাটাই। কিন্তু অধিকাংশ দুর্ঘটনার পেছনে থাকে চিহ্নিত ঝুঁকি, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, চালকের ক্লান্তি বা অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন, অনিরাপদ সড়ক, পথচারীর নিরাপদ পারাপারের অভাব এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা না পাওয়া। এসব ঝুঁকি কমানো যায়, যদি ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্র নিজ নিজ দায়িত্ব পালন করে। সড়ক দুর্ঘটনা অনিবার্য নয়, নিরাপদ ব্যবস্থা গড়ে তুললে বহু প্রাণ বাঁচানো সম্ভব।’ 

সরকারের কাছেও বিশেষ আবেদন জানান নিসচার এই প্রতিষ্ঠাতা। তার কথায়, দিবস পালনের মধ্যেই যেন আমাদের উদ্যোগ সীমাবদ্ধ না থাকে। এ ছাড়া ২২ অক্টোবর থেকে পরবর্তী বছরের ২২ অক্টোবর পর্যন্ত সড়ক নিরাপত্তার জন্য একটি পূর্ণাঙ্গ, সময়বদ্ধ ও পরিমাপযোগ্য এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণও চেয়েছেন তিনি। পরিকল্পনায় কোন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা কোন কাজ করবে, কখন করবে এবং সেই কাজের অগ্রগতি কীভাবে যাচাই করা হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করার কথা জানান অভিনেতা। 

কাঞ্চন বলেন, ‘পরবর্তী জাতীয় নিরাপদ সড়ক দিবসে এক বছরের কাজের প্রকাশ্য মূল্যায়ন করা হোক। কী লক্ষ্য নেওয়া হয়েছিল, কতটুকু বাস্তবায়িত হয়েছে, কোথায় ঘাটতি রয়ে গেছে এবং কেন রয়ে গেছে এসব তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। যে ক্ষেত্রগুলোতে দুর্বলতা থাকবে, সেগুলো চিহ্নিত করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার দিতে হবে।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত