গাজীপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। তাদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে মহানগরের পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন , ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুবর্ণা (২৬) এবং তাদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাইয়ান প্রধান (৬)। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া লালমাটি সাকিনস্থ মিয়াজ উদ্দিন প্রধানের বসত ঘরে শুক্রবার সকাল ৬টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময়ে মহসিন প্রধান রুবেল আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিবারের চারজন দগ্ধ হন।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে দগ্ধদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এরপর বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে যায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন বলেন, ‘সকালে আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে আমরা জানতে পেরেছি। ’
নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই অষুধ কারখানা বন্ধ ঘোষণা