শিবচরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

মাদারীপুরের শিবচরে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় কাদিরপুর ইয়াসিন হাজীর কান্দি একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে পশ্চিম কাকৈর একাদশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আসর উপজেলার কাদিরপুর ইউনিয়নের শফি হাওলাদার কান্দি হাজী আব্দুল মজিদ মাদবর জামে মসজিদসংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

কাদিরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. আলীম মাস্টার, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আফজাল মুন্সী, স্থানীয় লিটন মাদবর, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুজন মৃধাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পশ্চিম কাকৈর একাদশ ও কাদিরপুর ইয়াসিন হাজীর কান্দি একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলাটি পরিচালনা করেন মো. রাশেল জমাদার।

আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত