প্রথম দক্ষিণ এশীয় প্যারা গেমস হবে বাংলাদেশে!

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ এএম

এশিয়ান প্যারা গেমসে অল্পের জন্য পদক জয়ের সুযোগ নষ্ট হলেও কূটনৈতিক জয় হয়েছে বাংলাদেশের। জাপানের নাগোয়াতে এসে দক্ষিণ এশীয় সাত দেশের কর্মকর্তারা সভায় বসেন। সেখানে বিস্তর আলোচনা হয়। শেষে এশিয়ান প্যারালিম্পিক কমিটির সভাপতি মজিদ রাশেদ প্রথমবার সাউথ এশিয়ান প্যারা গেমস আয়োজনের ইচ্ছা পোষণ করেন এবং প্রথম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকে পছন্দ করেন। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল বলেন, ‘সব ঠিক থাকলে আগামী বছর নভেম্বর কিংবা ডিসেম্বরে ঢাকাতেই হতে পারে প্রথম সাউথ এশিয়ান প্যারা গেমস। এশিয়ান প্যারালিম্পিক কমিটির সভাপতি মজিদ রাশেদ সে রকমই ইচ্ছা প্রকাশ করেছেন।’

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানÑ দক্ষিণ এশিয়ার এই সাত দেশ এতদিন সাউথ এশিয়ান (এসএ) গেমসের আয়োজন করত। শুধু তা-ই নয়, এই সাত দেশের আরেক বৈশি^ক খেলা হয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ ছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে সাত দেশের একটি করে টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপও থাকে। এবার আরও একধাপ এগিয়ে গেলেন সাত দেশের ক্রীড়া কর্মকর্তারা। গতকাল শুক্রবার কোর্ট ইয়ার্ড ম্যারিয়ট হেটেলে দক্ষিণ এশিয়ার সাত দেশের প্যারালিম্পিক কমিটির কর্মকর্তাদের সঙ্গে বসেন মজিদ রাশেদ। মৃদুল আরও জানান, ‘রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান গিয়ে খেলছে না ভারত। আবার ভারতে আসছে না পাকিস্তান। তাই গেমসের নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকেই পছন্দ করেছেন মজিদ। শুধু তা-ই নয়, সাউথ এশিয়ান প্যারা স্পোর্টসের সেক্রেটারিয়েটও হবে ঢাকাতে। এ বিষয়ে ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘এ ছাড়া সৌদি আরব, আরব আমিরাত ও মালদ্বীপের সঙ্গে উন্নত ট্রেনিংয়ের জন্য আমাদের সমঝোতা চুক্তিও হয়েছে সভা শেষে। এর আওতায় আমাদের প্যারা ক্রীড়াবিদরা ওইসব দেশে উন্নতমানের অনুশীলন করতে পারবে।’ ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির (আইপিসি) সভাপতি এন্ড্রু পারসনের সঙ্গেও সভা হয়েছে বলে জানান মৃদুল।

এদিকে কেবল সুইমিং ডিসিপ্লিন নিয়ে এশিয়ান প্যারা সুইমিং করার নীতিগত সিদ্ধান্তও হয়েছে। নাগোয়াতে এশিয়ান প্যারা গেমসে আসা বিভিন্ন দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রথমবারের মতো এশিয়ান প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ করার প্রাথমিক সিদ্ধান্ত হয় বলে জানান বাংলাদেশের সুইমিং কোচ গোলাম মোস্তফা। তার কথা, এশিয়ান প্যারা গেমসে যাতে ভালো করা যায়, এই জন্য প্রায় ২০টি দেশের সুইমিং কর্মকর্তারা উপস্থিত হয়ে এশিয়ান প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ জন্য তাজাকিস্তানের এক কর্মকর্তাদের সম্ভাব্যতা যাচাই কমিটির প্রধান করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত