জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় অসাবধানতাবশত সে নদীর পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে পানিতে ভেসে উঠতে না দেখে ফুফু চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১২টার দিকে সাথীকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত